কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ এ ১১:৪৫ AM
কন্টেন্ট: প্রেস রিলিজ প্রকাশের তারিখ: ১৮-০৮-২০২৬
| বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড জনসংযোগ শাখা রাজশাহী |
|
প্রেস বিজ্ঞপ্তি
চীন-বাংলাদেশের মধ্যে রেশম গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে
কৌশলগত সহযোগিতা বিষয়ক যৌথ সম্মেলন অনুষ্ঠিত
আজ সকাল ১১.০০ ঘটিকায় রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের সভাকক্ষে চীন-বাংলাদেশের মধ্যে রেশম গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে কৌশলগত সহযোগিতা বিষয়ক একটি যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: শরীফুল আলম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সিল্কের উন্নয়নে কাজ করছি। ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে লক্ষ্যেও সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় চীনের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। চীনের বিশেষজ্ঞদল রেশম কারখানা পরিদর্শন করছেন। তিনি বলেন, চীনের রেশমের প্রযুক্তিগতদিক, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বিশ্বব্যাপি মার্কেট প্রমোশনের দিকটি কিভাবে বাংলাদেশে কাজে লাগানো যায় সেটি এই সফরের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, গবেষণায় এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তাই গবেষণা, প্রযুক্তিগত দিকের উন্নয়নের জন্য চীনের সাথে কাজ শুরু হয়েছে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, প্রয়োজনে বিদেশী বিনিয়োগে উৎসাহিত করাসহ স্থানীয় রেশম ব্যবসায়ী, উদ্যোক্তাগণকে সকল ধরণের সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে। আমদানি নির্ভরতা কমিয়ে বেসরকারি ব্যবসায়ী, উদ্যোক্তাদের সার্বিক সহযোগীতার মাধ্যমে এ শিল্পকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, রেশম শিল্পের উন্নয়নের জন্য জাপানের সাথেও যোগাযোগ অব্যাহত রয়েছে। শীঘ্রই জাপানী টিম ভিজিট করবে। আশা করা যায়, গবেষণা, প্রযুক্তিগতদিক, গুটি-সুতার মান উন্নয়ন করা সম্ভব হবে।
সম্মেলনে বিশেষ অতিথি রাজশাহী-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: আবু সাঈদ চাঁদ বলেন, আমাদের সমস্যা অনেক রয়েছে। ইতোপূর্বে সঠিক পরিকল্পনার অভাবে এ শিল্পটি পিছিয়ে পড়েছে। তবে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর প্রতিষ্ঠিত এ রেশম শিল্পেরও অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে রাষ্ট্রায়াত্ত্ব শিল্প কারখানা চালুর অংশ হিসেবে রেশম কারখানাও চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, রাজশাহী রেশমের জন্য বিখ্যাত। এটি পূর্বে বিসিক এর অধীন ছিল। সম্ভাবনাময় এই খাতটি গুরুত্ব হারিয়েছে। তবে বর্তমান সরকার এ শিল্পের হারানো ঐতিহ্য ফেরানোর ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করছে।
চীন-বাংলাদেশ সিল্ক রিসার্স সেন্টার (CBSRC) এর সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে রেশম গবেষণার উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং দ্বি-পাক্ষিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যত রোডম্যাপ তৈরি বিষয়ে আলোচনা হয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মাননীয় মহাপরিচালক জনাব মো: তৌফিক আল মাহমুদ। সম্মেলনে চীনের বিশেষজ্ঞ দলের পক্ষ থেকে ভাইস ডিন এবং অধ্যাপক, ঝিজিয়াং সি-টেক বিশ্ববিদ্যালয় জনাব ঝু কুইজি চীনের রেশম বিভিন্ন দিক এবং রেশম গবেষণা ও উন্নয়নে কৌশলগত দিক সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পক্ষে সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. সাখাওয়াত হোসেন বাংলাদেশের রেশম শিল্পের সার্বিক দিক উপস্থাপন করেন।
এ সময় চীন-বাংলাদেশ সিল্ক রিসার্স সেন্টার এর প্রধান সমন্বয়ক অধ্যাপক নুসরাত জাহান নিপা, ঝিজিয়াং এগ্রিকালচারাল বিজনেস কলেজ এর এক্সটারনাল ফ্যাকাল্টি জনাব মো: হামিদুর রমমানসহ চায়নীজ ঝিজিয়াং সি-টেক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম মঞ্জুর হোসেন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি জনাব মো: লিয়াকত আলী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম, এ মান্নান, পরিচালক(গবেষণা ও প্রশিক্ষণ) জনাব মোছা: নাছিমা খাতুন, পরিচালক(প্রশাসন) জনাব মু: রেজা হাসান, পরিচালক(উৎপাদন ও বিপণন) জনাব মো: মিজানূর রহমান, , ব্যবসায়ীবৃন্দ, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের গবেষকবৃন্দ, রেশম উদ্যোক্তাগণসহ বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের পূর্বে চায়নীজ বিশেষজ্ঞদল, প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ও বিশেষ অতিথি মহোদয়গণ রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা ড. সিরাজুর রহমান।
ছবি: সংযুক্ত স্বা:/১৮-০৮-২০২৬
সুমন ঠাকুর
জনসংযোগ কর্মকর্তা
ফোন: ০২৫৮৮৮৫১০১৩
মোবা: ০১৭৩১-৫০৮৪৭৭
ইমেইল: probsdb@gmail.com
